চলতি বছর ডেঙ্গুতে ১৯০ জনের মৃত্যু 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি ঘটেছে। এই সময়ে ১ হাজার ৬৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানিয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯০ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে ২০ দিনেই প্রাণ গেছে ৯৩ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। 

এ পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩ হাজার ৬২৭ জনে। 

গত এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৬ জন ও দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে ভর্তি হন ১৬৭ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৮১ জন।

অন্য বিভাগের মধ্যে- বরিশালে ২১৭ জন, চট্টগ্রামে ৩১৪ জন, খুলনায় ২৭১ জন, ময়মনসিংহে ৪৩, রাজশাহীতে ১৪৬, রংপুরে ৪১ এবং সিলেটে নয়জন ভর্তি হন। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।