দীর্ঘ এক যুগ আগে পাচারকারীদের হাতে পড়ে ভারতে বিক্রি হয়ে যাওয়া এক বাংলাদেশি কিশোরী অবশেষে দেশে ফিরেছেন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে তাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন।
উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। তার ভাষ্যমতে, প্রায় ১২ বছর আগে একটি নারী পাচারকারী চক্র তাকে ভারতে নিয়ে গিয়ে বেঙ্গালুরুতে বিক্রি করে দেয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের পাইকারপাড়া সীমান্ত এলাকায় দিশেহারা অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন ওই কিশোরী। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পানবাড়ী বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে তার দেওয়া পরিচয় ও ঠিকানা যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
মঙ্গলবার সকালে কিশোরীর বাবা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য পানবাড়ী বিজিবি ক্যাম্পে গিয়ে কিশোরীকে শনাক্ত করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিজিবি কিশোরীকে তার বাবার হাতে তুলে দেয়।
মেজর জুলকার নাঈন বলেন, "বিজিবির হেফাজতে থাকা কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।