গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কের ধীরাশ্রম এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (৪২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং অপরজনের পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ধীরাশ্রম এলাকায় রং সাইড দিয়ে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাছের ড্রামবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন।
এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক পুলিশ জব্দ করেছে। অটোরিকশা চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনার পর জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।