ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, শতাধিক এনওসি বাতিল

ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর থেকে দেওয়া ইলিশ আমদানির জন্য ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সই করা এক চিঠিতে এসব অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের চিঠি আমরা পেয়েছি। চিঠিতে অনেকগুলো অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে ইলিশ আমদানি বন্ধ রয়েছে।”

তিনি অভিযোগ করেন, এর ফলে অনেক আমদানিকারকরা বিপাকে পড়েছেন।

ইলিশ আমদানিকারক সৈয়দ মহিদুল হক রুবাই জানান, হঠাৎ করে আমদানি বন্ধ করায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। আমদানির উদ্দেশ্যে ভারতে ইলিশ মাছ কিনে রাখা হয়েছিল। এখন কম দামে তা ফেরত দিতে হবে। এছাড়া আমদানি খরচের লোকশানের কথাও জানান তিনি।