চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকরাম ওয়াহিদ তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
তিনি বলেন, “বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারীর একটি বাসা থেকে তোহাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।”
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, তোহা হাটহাজারীর ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন আনোয়ার ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। মামলার বাদীও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তোহার সঙ্গে বাদীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে তোহা বাদীকে তার ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে তিনি নানা টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন বাদী।
পাঁচ দিন আগে ওই নারী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর তদন্তের ভিত্তিতে তোহাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।