জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির 

নভেম্বর-ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় এই দুই মাস বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।  

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘‘বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে আশা করি।’’ 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এমন আশার কথা তুলে ধরেন তিনি। 

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘‘পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত থাকেন। তাই এই সময় নির্বাচন করা কঠিন।’’ 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালি করতে হয় এমন কোনো নজির নেই। সরকারের সঙ্গে নির্বাচন উপযোগী তালিকা চাওয়া হয়েছে।’’  

নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘‘বাস্তবতার নিরিখে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।’’ 

এর আগে, সেপ্টেম্বরে তফসিল দিয়ে নভেম্বরের মাঝামাঝি ভোট শুরু করতে চেয়েছিল ইসি। এমনকি সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সম্ভাব্য তারিখও ঘোষণা করেছিল।