চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারী।
অভিযানের সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় ৬০০ বস্তা ইউরিয়া জব্দ করে, যার মোট ওজন ৩০ টন। এছাড়া সার পরিবহনে ব্যবহৃত ট্রাক ও সন্দেহভাজন দুই চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।