নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত হাসান শেখ কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে কলাবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বারের লোকজন ও আবেদ শেখের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধ ও আহত হন।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হাসান শেখের মৃত্যু হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, “সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।“
তিনি আরও বলেন, “এলাকায় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।“