রাজধানীর চকবাজারে একটি সাত তলা বাসার ছাদ থেকে পড়ে আলীফ (১৩) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগের বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আলীফ স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কবির হোসেন জানান, দুপুর ২টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে আলীফ বৃষ্টিতে ভিজে গোসল করতে সাত তলার ছাদে যায়। গোসলের সময় খেলতে খেলতে ছাদ পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত সে দুই ভবনের মাঝের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়।
পরে স্বজনেরা গুরুতর আহত আলীফকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আলীফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।