নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার পাঁচ দিন পর মারা গেছেন লাইসেন্সধারী দেশি মদের দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বি (৩০)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাব্বির বাবা মনির হোসেন ও নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান বলেন, "চিকিৎসাধীন রাব্বির মৃত্যুর খবর আমরা শুনেছি।" তিনি জানান, রাব্বির মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় এ পর্যন্ত প্রধান অভিযুক্ত আবাসিক হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকার (৬০) ও কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস (৩০) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক জাহিদ সরকারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশি মদের দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকারসহ কয়েকজন দোকানের কাউন্টারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যান। কাউন্টারের ভেতরে থাকা কর্মচারী রাব্বি দগ্ধ হন। তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে আইসিইউতে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ তিনি মারা যান।
ঘটনার পরদিন রবিবার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন রাব্বির মা মিনু বেগম। মামলায় জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকারের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়।