মাছের ঘেরের পাড়ে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা (৭) নামের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকার একটি মাছের ঘেরের পাড় থেকে বস্তায় মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুসলিমা কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার বিকেলে অন্য শিশুদের সঙ্গে বাড়ির আশপাশে খেলছিল মুসলিমা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তখন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার পর স্থানীয়রা একটি মাছের ঘেরের পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ একযোগে কাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হত্যার কারণ কী, তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।