কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমান।
এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
লুৎফর রহমান, নগরীসহ প্রতিটি থানা এলাকার কিশোরদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।