যশোরের কোতোয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকা থেকে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির বিভিন্ন ডিভাইসসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এসআরবি-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ঝিনাইদহ সদরের বোংকিরা গ্রামের আল মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের ঝিকরগাছার গোডাউন কলাগাছির মো. রাসেল হোসেন (২৭), ঝিনাইদহের মহেশপুর থানার বাতানগাছির ফাহিম সাদিক (২২) এবং জলিলপুর গ্রামের মো. সিয়াম আলী (২২)।
তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকার মো. রিপন হোসেনের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, আইডি কার্ড, আইডি কার্ড প্রিন্টার, মোবাইল ও অন্যান্য ডিভাইসসহ চারজন প্রতারককে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মামলা রুজু করে তাদের হস্তান্তর করা হয়।
জানা যায়, আসামিরা ৩টি ল্যাপটপ, ৫টি কম্পিউটার মনিটর, ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৪টি কম্পিউটার পিসি, ১টি আইডি পিনকার্ড, ৪টি কম্পিউটার কিবোর্ড, ৪টি কম্পিউটার মাউস, ১টি কালার প্রিন্টার, বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড, ১টি পাওয়ার ব্যাংক ও ১টি ওয়েবক্যাম ব্যবহার করে অবৈধভাবে ভুয়া আইডি কার্ড তৈরি করে অনলাইনের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন।