কর্মরত অবস্থায় সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে  ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া এএসআইয়ের নাম ফখরুল ইসলাম (৪২)। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগ দেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ইলাছপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় সিআইডি দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে সহকর্মীরা তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব জানান, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, "কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্য মারা গেছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। জেলা পুলিশের পক্ষ থেকে রাতেই তার মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তার মৃত্যুতে সহকর্মী ও জেলা পুলিশ শোকাহত।"