৯ বছরে ১৪৬ হাতির মৃত্যু, বিপন্ন দেশের হাতির অস্তিত্ব

আবাসস্থল ও চলাচলের পথ (করিডোর) সংকুচিত হওয়া, সড়ক নির্মাণ, হত্যা, পাচার ও শিকারের কারণে গত ৯ বছরে দেশে ১৪৬টি হাতির মৃত্যু হয়েছে। বিপন্ন এই প্রাণীর সংখ্যা দিন দিন কমছে।

২০১৬ সালে দেশে হাতির আনুমানিক সংখ্যা ছিল ২৬৮টি। এরপর থেকে নানা কারণে একের পর এক হাতির মৃত্যু হওয়ায় বর্তমানে দেশে হাতির অস্তিত্ব ঝুঁকির মুখে পড়েছে।

মানুষের বসতি ও চাষাবাদের বিস্তৃতি এবং বনে খাবারের অভাবে হাতি ও মানুষের মধ্যে সংঘাত বাড়ছে। খাবারের খোঁজে বনের হাতি লোকালয়ে ঢুকে পড়ছে, নষ্ট করছে ফসল ও বাগান। হাতি তাড়াতে গিয়ে অনেক সময় আহত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের কেউ কেউ গুলি ও বিষ প্রয়োগ করছেন, যাতে প্রাণ হারাচ্ছে অসংখ্য হাতি। এ ছাড়া রেললাইনে কাটা পড়ে, বৈদ্যুতিক ফাঁদে আটকে এবং জলবায়ুর প্রভাবেও হাতির মৃত্যুর ঘটনা বাড়ছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, হাতির চলাচলের পথ রক্ষা, আবাসস্থল সুরক্ষা এবং মানুষ ও হাতির সংঘাত কমাতে কার্যকর উদ্যোগ না নিলে এই প্রাণীকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।