সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে, দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে আসিফ।
তবে, দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশে বলেন, ‘‘এ বিষয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন হওয়ায় চলমান অবকাশের পর নিয়মিত বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।’’
রিট আবেদনকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘হাইকোর্টের চলমান অবকাশ শেষে একই রিট আবেদন নিয়মিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।’’
এর আগে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসাইন তারেক রিটটির বিরোধিতা করে বলেন, ‘‘দুদকের সংবাদ সম্মেলন চ্যালেঞ্জ করে করা রিটটি গ্রহণযোগ্য নয়।’’
রিটে দুদকের উপ-পরিচালক, সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, দুদকের উপ-পরিচালক, সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা ২ ও ১৩ সেপ্টেম্বর পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। এতে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানানো হয়।