চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রাম থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

জামিলা চর কুমারিয়া গ্রামের বাসিন্দা। তার মা তাসলিমা বেগম আগেই মারা গেছেন।

জানা গেছে, জামিলা ভ্যানে করে ভগিনীপতি মো. রিয়াজুল শেখের বাড়িতে যাচ্ছিল। পথে মোল্লা গ্রামের একটি শাখা সড়কে অসাবধানতাবশত তার গায়ের ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ হেফাজতে নেয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”