কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৭৯

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফর রহমান।

তিনি জানান, পুলিশ সুপার সরাসরি অংশগ্রহণ করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। নগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার আওতাধীন কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোকে অভিযানের আওতায় নেওয়া হয়। বিভিন্ন স্থান থেকে আটক ৩৭৯ জনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় তাদের মুচলেকায় পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

জেলা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।