মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, জানালেন আইনজীবী

দ্বিতীয় স্ত্রী মরিয়মের পরিবারের সঙ্গে জামায়াতের ইসলামীর বিতর্কিত এমপি গাজী নজরুল ইসলামের আপস রফা হওয়ার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে এই বিষয়টি তুলে ধরে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন প্রার্থনা করার কথাও বলেছেন বলে জানান আইনজীবী মাহবুবুর রহমান। 

এর আগে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালতে আত্মহত্যা প্ররোচনার মামলায় জামিন শুনানি হয়। 

গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। তবে, আদালত প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। 

আইনজীবী মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চেয়েছিলাম। তারা ঘটনার সঙ্গে জড়িত না। ইতোমধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস মীমাংসা হয়েছে। শুনানিতে উপস্থিত থেকে বাদী জানিয়েছেন, দুই আসামির জামিন দিলে তার আপত্তি নেই।” 

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। 

রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। 

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে, গত ২৪ সেপ্টেম্বর আদালত এমপি নজরুলকে ফের ৪ দিনের রিমান্ডে পাঠায়। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় নজরুলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

এছাড়া মামলার অপর আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে।