হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট আগামী সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ এনে গত মঙ্গলবার ধর্মঘটের ডাক দিয়েছিল হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
পরে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিবাদ সভা শেষে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী।
ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল।
মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী বলেন, “জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস রবিবার হবিগঞ্জের পরিবহন নেতাদের ঢাকায় ডেকেছেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার আহ্বানে আগামী সোমবার পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, আগামী রবিবার দুপুর ২টায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মোটর মালিক সমিতির নেতাদের বৈঠক হবে। বৈঠকে দুই জেলার পরিবহন মালিকদের মধ্যে সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সমাধান না হলে মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে আবার আন্দোলন শুরু হবে।
উল্লেখ্য, মৌলভীবাজারে গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে জেলা মটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের ফলে সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ ছিল এবং ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত শত শত যানবাহন আটকা পড়ে।
এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অতিরিক্ত ভাড়ায় বিকল্পপথে যাত্রীদের চলাচল করতে দেখা যায়।