চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনয়নের কাবিরাজপাড়ায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে শুক্রবার সকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে কবিরাজপাড়া থেকে ১১টি ককটেল উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, দীর্ধদিন ধরেই স্থানীয় আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি এই বিরোধ আরও তীব্র হয়। ওই বিরোধের কারণে সংঘাতে জড়াতেই ককটেলগুলো মজুত করা হয়েছিল।
ওসি একরামুল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করেছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে। এলাকার পরিস্থিতি এখন অনেকটাই শান্ত।