কক্সবাজারের উখিয়া সীমান্তের শূন্যরেখার কাছে মাইন বিস্ফোরণে হামিদ হোসেন (৩২) নামে এক রোহিঙ্গা যুবকের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত হামিদ কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-২৭ ব্লকের বাসিন্দা। স্থানীয় জেলেরা গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শূন্যরেখা থেকে আনুমানিক ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের ভূখণ্ডে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।
প্রথমে তাকে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।