নরসিংদীতে গুলিতে যুবক নিহত, ধারালো অস্ত্রের আঘাতে আহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দুজন আহত হন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শহরের চৌয়ালা মহল্লায় লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ চৌয়ালা এলাকার বাসিন্দা। তিনি পেশায় ফুচকা বিক্রেতা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলালের নেতৃত্বাধীন দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একসময় লাল ও হেলাল একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। সম্প্রতি এলাকাভিত্তিক আধিপত্য, ছিনতাই ও চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের বিরোধ চরমে ওঠে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের সদস্যদের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার বিকেলে আবু লাল গ্রুপের লোকজন একটি বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় তারা আব্দুল্লাহ ওরফে বাবুকে গুলি করে পালিয়ে যায়। হামলায় বাবুর বড় ভাই রুবেল (৩০) ও অপর পক্ষের মিরাজ (২০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। গুলিবিদ্ধ আব্দুল্লাহকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি এ আর এম আল মামুন বলেন, “সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আহত মিরাজকে আটক করা হয়েছে।”