শাপলা তুলতে গিয়ে বালতিতে ডুব, প্রাণ গেল ৪ বছরের শিশুর

রাজবাড়ীর গোয়ালন্দে বালতির পানিতে ডুবে তাসফিয়া নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লাহ বেপারী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ওই গ্রামের ইলিয়াস শেখ ও স্মৃতি আক্তার দম্পতির মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইলিয়াস শেখের বাড়িতে টিউবওয়েলের পাশে পানিভর্তি একটি বালতিতে শাপলা রাখা ছিল। সেই শাপলা ধরতে গিয়ে তাসফিয়া উপুড় হয়ে বালতির ভেতর পড়ে যায়।

প্রায় ঘণ্টাখানেক পর পরিবারের লোকজন বিষয়টি টের পান। তারা বালতি থেকে তাসফিয়াকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলীসহ কয়েকজন জানান, শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।