গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

গাজীপুর মহানগরীর ডেগেরচালা (ফকির মার্কেট) এলাকায় মেট্রিক্স পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের হেড কোয়াটারের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, মেট্টিক্স পোশাক কারখানায় ৮তলা ভবনের তিনতলায় আগুন লাগে। আগুন লাগার খবরে ইতিমধ্যে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, দুপুর পৌনে তিনটার দিকে ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। আগুনে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।