নিজ বাসভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন। এর পাশাপাশি তিনি জাতীয় গ্রিডে ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, “গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে উৎপাদিত সৌরবিদ্যুতের ১ হাজার ইউনিট তার নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া আরও ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি।”

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকারের উপপরিচালকদের (ডিডি, এলজি) অংশগ্রহণে "সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা”য় তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, “সমবায় ভবনসহ সব জাতীয় ও সরকারি ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানো হবে। পাশাপাশি জাতীয় গ্রিডেও সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে।” তার মতে, বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসা হিসেবেও দেখার প্রয়োজন রয়েছে।

দুর্গাপূজাকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়ন হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি তারা সরাসরি তদারকি করছেন।”

এ ছাড়া ইউএনওদের বার্ষিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, “এ ধরনের সম্মেলনের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় বিভিন্ন দাবি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব হবে।”