বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে বজ্রপাতে অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার পর, অসুস্থ শিক্ষার্থীদের নরসিংদীর মনোহরদী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। 

সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পর বজ্রপাত শুরু হয়। এরপর বিদ্যালয়ের নিচতলা থেকে শিক্ষার্থীদের কান্নার শব্দ শুনতে পায় স্কুলের আশেপাশের বাসিন্দারা । তারপর তারা দৌড়ে গিয়ে বেশ কিছু শিক্ষার্থীকে মেঝেতে ও বেঞ্চে প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, দুপুর ২টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। পরপর কয়েকটি বজ্রপাতের শব্দে ভবনের নিচতলার অন্তত ১৮ মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। 

তিনি বলেন, ‘‘ঘটনার পরে শিক্ষক ও প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আ. মতিন বলেন, ‘‘৬ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।’’