নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় সৈয়দ আলী মৃধা (৪৯) নামে এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত সৈয়দ আলী মৃধা চর বাঙালপাড়া এলাকার বাসিন্দা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেশী তুষার আহমেদ জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে মসজিদের মাইকে ফজরের আজান দিচ্ছিলেন সৈয়দ আলী মৃধা। হঠাৎ আজান বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা মসজিদে গিয়ে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চর বাঙালপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম জানান, সৈয়দ আলী মৃধা ভালো মানুষ হিসেবে পরিচিত। তার কোনো শত্রু আছে বলে তাদের জানা নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবি জানান তিনি।
পিঁপরুল ইউনিয়নের সদস্য আমিরুল ইসলাম বলেন, “ধারালো অস্ত্র দিয়ে মুয়াজ্জিনকে আঘাত করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে আমার ধারনা।“
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“