দুই ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত হলেন, আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।

আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, অন্যান্য দিনের মতো আজও দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন তারা। এর সঙ্গে নিজেদের আরও ৪ লাখ টাকা যুক্ত করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরে ফিরছিলেন।

পথে দুপুর নাগাদ আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ছিনতাইকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ব্যাংক কর্মকর্তাদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল জানান, খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।