সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই প্রতিযোগী নৌকার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় নৌকার প্রায় ২২ থেকে ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৬টার দিকে উপজেলার সোনতলা করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া সোনতলা গ্রামের “সোনাবাজু একতা এক্সপ্রেস” ও বংকিরাট গ্রামের “নবশক্তি ফাইটার” নামের দুটি নৌকার মধ্যে বাইচ চলাকালে ধাক্কা লাগে। এতে দুই নৌকার লোকজন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা হাতে থাকা বৈঠা নিয়ে একে অপরের ওপর আঘাত করেন। সংঘর্ষের সময় একটি নৌকা ডুবে যায়। পরে সবাইকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। আহতদের কেউ হাসপাতালে, কেউ আবার স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী হাসিবুল আলম বলেন, “প্রথমে কথা-কাটাকাটি হয়, পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। এতে ২২ থেকে ২৫ জন আহত হয়েছেন।“
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “বাইচের শেষ প্রান্তে নৌকা দুটির ধাক্কা লাগে। এরপর দুই নৌকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।“