ভোলায় রাতের আঁধারে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১

ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর তার দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার মামলা হলে ইমাম হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রাজিবের ভাই মো. রিয়াজ জানান, সোমবার রাত ১১টার দিকে বাড়ির সামনে বসে ছিলেন রাজিব। তখন একটি মাইক্রোবাসে করে কয়েকজন এসে তাকে তুলে নিয়ে যায় এবং অমানবিক নির্যাতন চালায়। পরে চোখ দুটি উপড়ে ফেলে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কাছে একটি ডোবার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।

রাজিবের চিৎকার শুনে আশপাশের লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায় এবং পরিবারকে খবর দেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় আজ সকালে তাকে ঢাকায় নেওয়া হয়।

রিয়াজ আরও জানান, রাজিবের শরীরে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীদের কয়েকজন তাদের এলাকারই বাসিন্দা। এদের মধ্যে কয়েকজনকে রাজিব চিনতে পেরেছেন এবং তাদের নামও বলেছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, “মধ্যরাতে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজিবের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে মামলা করেন। পরে ইমাম হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।