সুন্দরবন থেকে ৬টি একনলা বন্দুক উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এ সময় ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১ টি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (৭ অক্টোবর) দিনগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার শওকত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ অক্টোবর দিনগত রাত ৮টায় কোস্ট গার্ড বেইস মোংলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।