সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর শরীরের ভেতরে অভিনব কায়দায় লুকানো ছিল তিনটি ডিম্বাকৃতির সোনার পেস্ট।
গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের এই সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো ডিম্বাকৃতির এই সোনার পেস্ট জব্দ করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরজুড়ে নজরদারি জোরদার করে। নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-০২-এ এলে সন্দেহভাজন যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার পায়ুপথ থেকে সাদা কস্টেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ২৪ ক্যারেটের তিনটি ডিম্বাকৃতির সোনার পেস্টের মোট ওজন ১,২৯০ গ্রাম (প্রতিটি ৪৩০ গ্রাম)।
কাস্টমসের তথ্য অনুযায়ী, সোনা পরীক্ষা করে প্রত্যয়ন অনুযায়ী ডিম্বাকৃতির এই পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১,০০০ গ্রাম (১ কেজি) খাঁটি সোনা পাওয়া যাবে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে উদ্ধারকৃত সোনাসহ অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।