আগামী সাত কর্মদিবসের মধ্যে ঢাকার দুটি রুটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফ্র্যাঞ্চাইজি বাস সেবা মডেলের আওতায় প্রতিটি রুটে কেবল একটি কোম্পানিই বাস চালাবে।
দুই মাসের মধ্যে ৩২টি রুটের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হবে। পুরো ব্যবস্থাটি পূর্ণাঙ্গভাবে চালু হবে ছয় মাসের মধ্যে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকার বাস রুট পুনর্বিন্যাসের এ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাস মালিক সমিতি।
এই নতুন ব্যবস্থায় একই রুটে একাধিক কোম্পানির পরিবর্তে ‘এক রুট, এক কোম্পানি’ ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজি বাস পরিচালনা করা হবে। বাসের ফিটনেস বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং আইন মেনে চলার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট কোম্পানির। এছাড়া কাউন্টারভিত্তিক যাত্রীসেবা চালু, ই-টিকিটিং ব্যবস্থা এবং জিপিএসের মাধ্যমে বাসের অবস্থান পর্যবেক্ষণের পরিকল্পনাও রয়েছে।
সভায় ডিটিসিএর নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মশিউর রহমান জানান, ঢাকায় অনুমোদিত ৪১৮ বাস রুটের মধ্যে বর্তমানে ৯৮টি চালু রয়েছে। এসব রুটে ৬৬টি কোম্পানির প্রায় সাড়ে ৭ হাজার বাস চলাচল করছে। বিদ্যমান ব্যবস্থাকে পুনর্বিন্যাস করে ৩২টি রুটে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে ডিটিসিএ।
ডিটিসিএর পক্ষ থেকে বলা হয়, একই রুটে একাধিক কোম্পানি ও ব্যক্তিমালিকানাধীন বাস চলাচলের কারণে যাত্রী ওঠানো নিয়ে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। পাশাপাশি ফিটনেসবিহীন ও পুরোনো বাস যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। প্রতিটি রুটে একটি কোম্পানির বাস চলাচল নিশ্চিত করা গেলে এ ধরনের প্রতিযোগিতা কমবে এবং পরিবহনে শৃঙ্খলা ফিরবে।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, গত ২৮ সেপ্টেম্বর বাস কোম্পানির মালিক ও সমিতির নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। সেখানে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা এবং বাসের ফিটনেস ও আইন মেনে চলার বিষয়ে পরিবহন পরিচালনাকারীদের দায়িত্ব নিশ্চিত করার ব্যাপারে ঐকমত্য হয়।
সভায় প্রধানমন্ত্রীকে মন্ত্রী জানান, দুই মাসের মধ্যে প্রস্তাবিত ৩২টি রুটে বাস চলাচল শুরু করা সম্ভব। আর ছয় মাসের মধ্যে নিয়ন্ত্রিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাসসেবা চালু করা যেতে পারে। তবে সভার আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী, দুই মাসের মধ্যে ৩২টি রুটের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে হবে।
যাত্রীসেবার মান উন্নত করতে বাস মালিকদের আগামী দুই মাসের মধ্যে সব বাস মেরামত, বডি নির্মাণ ও রং করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকায় চলাচলের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বৈদ্যুতিক বাস কিনছে। প্রাথমিকভাবে এসব বাস পরিচালনার জন্য আটটি রুটের প্রস্তাব করা হয়েছে। বিআরটিসি ও বাস মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে ডিটিসিএ রুটগুলো নির্ধারণ করবে।