রোগীর স্বজন পরিচয়ে হাসপাতালে ঢুকে নবজাতক চুরি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে এক নবজাতক চুরি করে পালিয়েছেন অজ্ঞাত এক নারী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম।

নবজাতকের মা মরিয়ম বেগম জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের রাজমিস্ত্রী শামিম মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, প্রসববেদনা নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন মরিয়ম। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান হওয়ায় পরিবারে ছিল আনন্দের পরিবেশ।

পরিবারের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত ওই নারী রোগীর স্বজন পরিচয়ে গাইনি ওয়ার্ডে এসে মরিয়ম ও তার মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন।

একপর্যায়ে মরিয়ম অসুস্থতা ও ব্যথা অনুভব করলে সহযোগিতার কথা বলে নবজাতককে কোলে নেন ওই নারী। এরপর নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানান। পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, “পুলিশ শিশুটির পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।”

ওই নারীকে শনাক্ত এবং শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান তিনি।