কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: চট্টগ্রাম থেকে গ্রেপ্তার সিএনজি চালক

কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মরদেহ উদ্ধারের ঘটনায় সুমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন ওই স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে সুমনকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে পুলিশ কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে। কুমিল্লায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।“

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা।

কিশোরীর বাবা রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা রিজিয়নে চাকরি করেন। কর্মসূত্রে তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর কিশোরীর বাবা বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, কক্সবাজার থেকে ফেরার পথে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে নামে কিশোরী। ওই সময় সে বাবার মোবাইলে নিজের লাইভ লোকেশনও শেয়ার করেছিল। পরে ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।