কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: মোবাইল ফোন উদ্ধার, অন্যদের সংশ্লিষ্টতা খুঁজছে পুলিশ

কুমিল্লার স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে কুমিল্লায় আনা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ছাত্রীর সঙ্গে থাকা মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমন ছাড়া অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে সুমনকে কুমিল্লায় আনা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি বলেন, “জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এ ঘটনায় কাজ করছে। চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।”

ওই কর্মকর্তা আরও জানান, ওই ছাত্রীর মৃত্যুর পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি চালানো হচ্ছে। সুমন যাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।” তদন্ত চলমান থাকায় ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি।

এর আগে, শুক্রবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”