বিশ্বের শীর্ষ গবেষকের তালিকায় জাবির ১০ শিক্ষক-গবেষক 

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ জন শিক্ষক ও গবেষক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করে।

তালিকায় স্থান পাওয়া জাবির গবেষকেরা হলেন, অধ্যাপক এ এ মামুন (২৪১ নং অবস্থানে আছেন), মো. সাইফুল ইসলাম (৫৩১), মো. শরাফাত চৌধুরী (৫৯৯), এস এম দিদার উল ইসলাম (৬৬৫), মো. আল-আমিন খান (৭২৭), অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান (৮৯২), শারমিন সুলতানা (১৮৯০), এম শামীম কায়সার (৫৩২৪), মোহাম্মদ শরীফ উদ্দিন (৮৫১০) এবং আবু বকর সিদ্দিক (৮৭৫৫)।

গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। 

আন্তর্জাতিক পরিসরে গবেষকদের গবেষণার প্রভাব ও অবদান মূল্যায়নে এ তালিকা ব্যবহার করা হয়।

প্রসঙ্গত, ২০২৬ সালের এ তালিকায় বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। গবেষকের সংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বে ৪৫তম অবস্থানে রয়েছে।