খুলনা মহানগরীর কাশেম নগর সড়কে দিনের আলোয় আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলিবিদ্ধ জনি আশঙ্কামুক্ত।
এর আগে ৯ অক্টোবর রাতে খুলনা জেলা পুলিশ এক নির্দেশনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এর পরদিনই মহানগরীতে দিবালোকে এ গুলির ঘটনা ঘটল। আহত জনি বটিয়াঘাটার জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কাজ করেন।
হাসপাতালে চিকিৎসাধীন জনি জানান, ঘটনার সময় তিনি বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন। তখন কালো রঙের একটি মোটরসাইকেলে করে মুখে মাস্ক পরা দুজন বাড়ির সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা মোটরসাইকেল থেকে নেমে তার দিকে এগিয়ে আসে। জনি দৌড় দিলে তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
গুলিটি জনির কোমরের ডান পাশের নিচের অংশে লাগে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, “কাশিমনগরে জনি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।”