বগুড়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বগুড়ার গাবতলী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নাজমুল হাসান (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর)  বিকালে উপজেলার গাবতলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, মৃত নাজমুল হাসান বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের আবদুল জলিলের ছেলে। সে স্থানীয় লাইফ ফেয়ার স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

শনিবার দুপুরে পরীক্ষা শেষে স্কুল থেকে বাসায় ফেরে। পরে বেলা দেড়টার দিকে গোসল করার জন্য বাড়ির পাশে গাবতলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে যায়।

দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

একপর্যায়ে বিকালের দিকে গ্রামবাসীরা পুকুরে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের ধারনা, সাঁতার না জানার কারণেই নাজমুল পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, স্কুল ছাত্র পুকুরে ডুবে মারা যাওয়ার খবর পুলিশকে দেওয়া হয়নি। এ ব্যাপারে থানায় কোন তথ্য নেই। স্বজনরা
শিক্ষার্থীর মরদেহ দাফনের ব্যবস্থা করেছেন বলে জানা গেছে।