হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু 

সিলেট বিভাগে হাম-উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (১১ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়।

তাদের দেওয়া তথ্যানুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এই তিন শিশুর মৃত্যু হয়।

মারা যাওয়া তিন শিশু হলো- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাল আহমেদের ৬ মাস বয়সী শিশুসন্তান আরাব, সুনামগঞ্জের দিরাই উপজেলার সাইদুল আলমের ১ বছর ২ মাস বয়সী শিশুকন্যা ইবা আক্তার এবং একই জেলার জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার ১০ মাস বয়সী শিশুপুত্র রাইয়ান।

এ তিনজনকে নিয়ে সিলেটে এ পর্যন্ত মারা গেছে ১৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৮ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৯ জন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩০ জন হাম-উপসর্গের রোগী ভর্তি হয়েছেন।

অর্থাৎ সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫১৫ জন চিকিৎসাধীন।