যশোরে ইঞ্জিনচালিত করিমন চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এদিকে, খালে পড়ে নিখোঁজ রয়েছেন বিল্লাল হোসেন নামে আরেক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মনিরুজ্জামান নামে আরেক ব্যক্তি। আহত ও নিহতরা পাশ্ববর্তী ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে মনিরুজ্জামান, মিজানুর ও বিল্লাল চান্দুটিয়া গ্রামে করিমন চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। এমন সময় ঐ তিনজনকে ধাওয়া দেন স্থানীয়রা। তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল খালে ঝাঁপ দেন। মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করে। মনিরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় খালে নিখোঁজ রয়েছেন বিল্লাল হোসেন। বিল্লালকে খালে খুঁজতে তল্লাশি করছে ফায়ার সার্ভিস সদস্যরা।
যশোর কোতয়ালী মডেল থানার (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, “চুরির অভিযোগে গণপিটুনিতে একজন মারা গেছে। একজন খালে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে খালে ফায়ার সার্ভিসের ব্যক্তিরা তল্লাশি করছে। ওই ব্যক্তি খালে আছে না পালিয়ে গেছে, সেটা তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একজন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”