ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ৭ নভেম্বর পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে সরকার। জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত নতুন পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

নতুন পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে। রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করতে হবে।

কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে। সরকারি কর্মসূচির কারণে যেন অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।

নগদ অর্থ বা উপকরণ ব্যয় ছাড়াই আয়োজন করা সম্ভব, এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিন কিংবা কর্মদিবসে করা যাবে। কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সমধর্মী দিবস একই তারিখে একত্রে পালনের ক্ষেত্রে আন্তর্জাতিক দিবস উদযাপনকে অগ্রাধিকার দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

পরিপত্রে এসব সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।