খুলনা নগরীতে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ সদস্য আহতের ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিনগত রাতে মহানগরীর মাস্টার পাড়া থেকে ইমন (২৪) নামে যুবককে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইমনকে গ্রেপ্তার করা হলেও কোনো কিছু উদ্ধার হয়নি। পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।
জেলার পুলিশ সুপার (এসপি) সরদার ওমর ফারুক বলেন, “পরিদর্শক শাহ আলম সিভিল পোশাকে ছিলেন। ছিনতাইকারীদের কাছে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা সুযোগে অপেক্ষায় থাকে। আমরা অসতর্ক হলেই হামলে পড়ে। তাই সকলের সতর্কতা জরুরি।”
তিনি জানান, পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলাকারীরা দ্রুত গ্রেপ্তার হবে। ইতোমধ্যে নগর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এর আগে, গত ৮ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী রোডের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। গুরুতর আহত পুলিশ পরিদর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, ছিনতাইকারীর হাতে পুলিশ পরিদর্শক জখমের পর খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে সতর্কতা জারি করা হয়।