খুলনা নগরীর কাশেম নগর সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে দিনের আলোতে গুলি করা অস্ত্রধারীদের শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এখন গ্রেপ্তারে অভিযান চলছে।
রবিবার (১১ অক্টোবর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্তের স্বার্থে এখনই দুর্বৃত্তদের নাম ঠিকানা প্রকাশ করছি না। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান দেখা হচ্ছে। এরা খুবই ঘন ঘন স্থান বদল করছে। আবার চাতুর্যময় পদক্ষেপ নিচ্ছে। আশা করছি প্রযুক্তির সহায়তায় খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হবে।
প্রসঙ্গত, শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাস্ক পরা দুইজন অস্ত্রধারী মোটরসাইকেলে করে এসে আসাদুজ্জামান জনিকে গুলি করে। এ সময় জনি দৌড়ে আত্মরক্ষা করেন। গুলি তার কোমরের ডান পাশের নিচের দিকে আঘাত করে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বটিয়াঘাটায় জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কাজ করেন।