দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি প্রকাশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই সঙ্গে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হচ্ছে। 

রবিবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা স্পেশাল-৩ ট্রেন চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২০ অক্টোবর এবং ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর মোট তিনদিন চলাচল করবে। সেই সঙ্গে চট্টগ্রাম স্পেশাল-৪ ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলবে।

পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবরের, পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবরের, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবরের ও মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ ডে প্রত্যাহার করা হয়েছে। 

পূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

সেই সঙ্গে ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে। সিডিউল বিপর্যয় দূর করতে ও সময়ানুবর্তিতা রক্ষায় গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালিত হবে। 

ট্র্যাক ও ব্রিজের নিরাপত্তা নিশ্চিতে রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। একই সঙ্গে সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা করা হবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্ঘটনাস্থলে দ্রুত পাঠানোর জন্য রিলিফ ট্রেনগুলো সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব প্রধান প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবির সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে। ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেরিয়াল ডিউটি নিশ্চিত করা হবে। 

প্রস্তুতিমূলক সভায় সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সভাপতিত্ব করেন। 

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তর প্রধান, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।