নিখোঁজের একদিন পর কুমিল্লার দাউদকান্দি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ। মোহাইমিনকে পাওয়া গিয়েছে।"
পরে গণমাধ্যমকে ফেরদৌস আল হাসান জানান, মোহাইমিনুল অন্য একজনের ফোনে ইন্টারনেট সংযোগ নিয়ে বিভাগের ৪৯তম ব্যাচের সিনিয়র শাহীনকে ফোন করেন। তখন তিনি নিজের অবস্থান দাউদকান্দিতে বলে জানান। পরে লোক পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়।
এর আগে রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। পরে তার আবাসিক কক্ষে একটি চিরকুট পাওয়া যায়।
ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বার্তায় জানায়, তারা সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এ ছাড়া চিরকুটে উল্লিখিত বিভাগের অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।