ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি: প্রতিমাসহ চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, সোমবার (১২ অক্টোবর) চুরির ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়। আখড়া কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার, রুপার চেইন, পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া বড় বাজার এলাকার জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়া এলাকার  আকাশ মালদার ওরফে হাসিব (২৮)। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজন পলাতক রয়েছেন।

পলাতক ওই ব্যক্তি হলেন, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৬২), যিনি আখাউড়ার মসজিদ পাড়ায় ভাড়া থাকতেন।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ১২ অক্টোবর সকাল ৭টার মধ্যে কোনো একসময় আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একাধিক দল গঠন করে তদন্ত শুরু করে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আকাশ মালদারের সম্পৃক্ততার তথ্য দেন। পরে অভিযান চালিয়ে আকাশকেও আটক করা হয়।

জারু মিয়ার বাড়ি থেকে তার দেখানো মতে দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, চারটি ইমিটেশনের মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুজনকে নিয়ে অভিযান চালিয়ে পলাতক তাজুল ইসলামের আখাউড়া সদরের মসজিদপাড়ার ভাঙারির দোকান থেকে আরও মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে রাধারানির একটি বড় পিতলের মূর্তি, গৌর-নিতাইয়ের দুটি পিতলের মূর্তি, গোপালের একটি ছোট পিতলের মূর্তি, একটি পিতলের কাঁসি, একটি পিতলের গাছা, একটি পঞ্চপ্রদীপ, তিন জোড়া পিতলের করতাল, একটি তামার বাটি, ছোট-বড় দুটি তামার কোসাকুসি, একটি পিতলের প্রদীপদানি ও শঙ্খ রাখার একটি পিতলের স্ট্যান্ড।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম পুরো বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান আরেকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।