তথ্য উপদেষ্টা: আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা দেখি না

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের (সমঝোতা/পুনর্মিলন) কোনো সম্ভাবনা ব্যক্তিগতভাবে দেখেন না। 

তিনি বলেছেন, ‘‘মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধের বিচার হতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে অপরাধের দায় স্বীকার ও অনুতাপ প্রকাশের পরিবর্তে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা চলছে।’’ 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘‘৫ আগস্টের পর বিষয়টি অনেকে তুলেছিলেন। তবে পুনর্মিলনের একটি মৌলিক শর্ত রয়েছে। গুরুতর ফৌজদারি অপরাধের বিচার নিশ্চিত না করে এ ধরনের আলোচনা হতে পারে না।’’ 

তিনি বলেন, ‘‘রিকনসিলিয়েশনের জন্য....মারাত্মক ফৌজদারি অপরাধ যারা করেছে, তাদের বিচার তো হতে হবে। এগুলো ক্রিমিনাল অফেন্স। রিকনসিলিয়েশনের আলাপ হয় কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো জায়গায়, কারও কারও অপরাধের ক্ষেত্রে। সেই রিকনসিলিয়েশনের আলাপ হতে পারে।’’ 

জাহেদ উর রহমান আরও বলেন, ‘‘ক্ষমা চাওয়া, অনুতাপ দূরে থাকুক, তারা হুমকি দিচ্ছেন, তারা বাংলাদেশের সহিংসতা নানানভাবে উসকে দেওয়ার চেষ্টা করছেন।’’

আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘‘মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। দল হিসেবে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে কি না, টিকে থাকবে কি না, সেই বিষয়টিও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’’