সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সফরসঙ্গী লামিয়া মোরশেদ। তিনি বলেছেন, “স্যারের কোনো ক্ষতি হয়নি।”
মঙ্গলবার(১৩ অক্টোবর) বেলা ৩টায় ফেসবুকে দুই শিশুর সঙ্গে নোবেলজয়ী ইউনূসের আদরমাখা ছবি পোস্ট করে তিনি এ কথা জানান। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া লেখেন, জেএফকে বিমানবন্দরে “ওই বর্বর লোকগুলো” ইউনূসকে ঘিরে ধরার কয়েক মিনিট আগে তিনি ছবিগুলো তুলেছিলেন।
তিনি আরও লেখেন, পুরো পথজুড়েই ভালোবাসা ও সম্মান ছিল এবং ড. ইউনূস একদম ভালো আছেন।
সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে নেমেই হেনস্তার শিকার হন ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। পরে হুইলচেয়ার ঘুরিয়ে তাকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এ সময় হেনস্তাকারীরা তার পিছু নেন। একজনকে ইংরেজিতে চিৎকার করে বলতে শোনা যায়, ইউনূস বাংলাদেশে হাজার মানুষকে হত্যা করেছেন, হাজার পুলিশকে হত্যা করেছেন এবং দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন।
ঘটনার সময় ইউনূসের পাশে লাগেজ হাতে ছিলেন লামিয়া মোরশেদ। ফেইসবুক পোস্টে তিনি বলেন, “এ ঘটনায় ওই লোকদের চরম বর্বরতা ও হীনতাই প্রকাশ পেয়েছে, তবে ড. ইউনূসের কোনো ক্ষতি হয়নি।“
ঘটনার খবর পেয়ে যাঁরা পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া।